প্রিয়াঙ্কাকে ট্রল করায় খুশি মা

গ্র্যামি অ্যাওয়ার্ডের রেডকার্পেটে প্রিয়াঙ্কা চোপড়ার রল্ফ অ্যান্ড রসো-র লো কাট সাদা গাউন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড় তুলেছে। এই বলিউড সুন্দরী ফ্যাশনপ্রেমীদের মন জয় করলেও ভক্তদের অনেকেই তাঁকে কটাক্ষ করেছেন। প্রিয়াঙ্কার এই সাহসী পোশাককে ঘিরে ছুড়ে দেওয়া হচ্ছে নানান কটূক্তি। তবে মেয়ের ঢাল হয়ে হাজির হয়েছেন মা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সব ট্রলকারীকে জবাব দিতে এগিয়ে এসেছেন স্বয়ং মধু চোপড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের হয়ে সাফাই গেয়েছেন তিনি। লিখেছেন, ‘প্রিয়াঙ্কাকে ট্রল করার জন্য আমি অত্যন্ত খুশি। আমি মনে করি, এই সমালোচকেরা ওকে আরও শক্তিশালী করে তুলেছে। ও নিজের খুশিমতো নিজের জীবনকে উপভোগ করতে জানে। প্রিয়াঙ্কা কারও মনে আঘাত দিয়ে কথা বলে না। এটা ওর শরীর, ওর যা ইচ্ছা তা–ই করতে পারে। আর ওর শরীর সত্যিই সুন্দর।

তবে যে যা-ই বলুক, প্রিয়াঙ্কার এই সাহসী পদক্ষেপকে ঘিরে গর্বিত মা মধু। আর তিনি গর্বিত যে তাঁর মেয়ে নিজের ইচ্ছানুসারে জীবন যাপন করে। মধু প্রিয়াঙ্কাকে ট্রল হওয়া তাঁর একটি ছবি পাঠিয়েছিলেন। ছবিটি ঘিরে প্রিয়াঙ্কা মন্তব্য করেন, ‘এটা আমার জীবন। আমি নিজের জীবনে বাঁচি। আমার জীবন ট্রলকারীদের নয়। তাঁদের খুশিমতো আমি জামা পরতে পারব না। আমি আমার জীবনের সঙ্গে যা ইচ্ছা তা–ই করতে পারি।’গ্র্যামি অ্যাওয়ার্ডের আগে প্রিয়াঙ্কা তাঁর সাদা লো কাট গাউনটি পরে মাকে দেখিয়েছিলেন। মা মধু চোপড়ার মনে হয়েছিল, এই ধরনের পোশাক পরা প্রিয়াঙ্কার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে তিনি এ–ও বলেছিলেন, এই পোশাকে প্রিয়াঙ্কাকে খুব সুন্দর মানিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কাকে এই পোশাকে আমার দারুণ লেগেছিল। ও আমাকে পোশাক পরে আগে দেখিয়েছিল। প্রথমে মনে হয়েছিল, এটা ওর জন্য ঝুঁকি হতে পারে। তবে ওকে খুব সুন্দর লাগছিল। এবারের গ্র্যামিতে প্রিয়াঙ্কাই সবচেয়ে সুন্দর পোশাকের তারকা ছিল।
Post a Comment